
নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া মডেল থানাধীন ভাদালিয়া বাজারে এক কম্পিউটার দোকান ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে দরবেশপুর গ্রামের কামরুলের ছেলে শান্ত (২৫) হকেনের ছেলে ইমন(২১) আরজানের ছেলে কামরুল(৫০) বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভাদালিয়া বাজারে কম্পিউটার ব্যবসায়ী মো. আব্দুর রহমানের দোকানে গত ১৪ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে কয়েকজন ব্যক্তি এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানের কর্মচারী মো. আবুজরকে মারধর করা হয়। এ সময় দোকান থেকে ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দোকানে ভাঙচুর চালিয়ে একটি কম্পিউটার মনিটর নষ্ট করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে লোহার রড দিয়ে হামলা চালানো হয়। এতে মো. নবীর হোসেন (২১) আহত হন। পরে তাকে স্হানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় দোকান মালিক মো. আব্দুর রহমান কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।