
(মিরপুর প্রতিনিধি আব্দুর রহমান)
কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় সুরাইয়া নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৪টার সময় এ দুর্ঘটনাটি ঘটে, যা মুহূর্তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আনে।স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মায়ের সঙ্গে বাজারে আসে আমলা ইউনিয়নের মুচাই নগর গ্রামের মাহাবুলের কন্যা সুরাইয়া। বাজার শেষে বিকেলের দিকে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই একটি দ্রুতগতির ভ্যানের নিচে চাপা পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশুটি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুরাইয়াকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যু স্বজনদের মাঝে নেমে আসে আহাজারি, আর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, হাসপাতাল সড়কের সামনে দীর্ঘদিন ধরে যানবাহনের বেপরোয়া চলাচল থাকলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে ঈদের সময় যান চলাচল বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বৃদ্ধি পায় বলে তারা জানান।এলাকাবাসী অবিলম্বে সড়কে গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন।ঈদের আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক মৃত্যু যেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি পরিবারের স্বপ্ন, একটি শিশুর হাসি মুহূর্তেই নিভে যাওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।