(মিরপুর প্রতিনিধি আঃ রহমান)
কুষ্টিয়ার মিরপুর উপজেলার- বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিম খাতুন নামের এক ছাত্রীকে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মোছাঃ জিম খাতুন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামের মুস্তাকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি'র বিদায় অনুষ্ঠানে যায় জিম খাতুন। উক্ত অনুষ্ঠান শেষ হলেও জিম বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজা-খুঁজি শুরু করে। অনেক খোঁজা-খুঁজির পরও তাকে না পেয়ে রাত ৮ টার দিকে বিদ্যালয়ের পিয়নের কাছে বিদ্যালয়ে মেয়েটিকে দেখেছে কি-না জানতে চায় এবং স্কুলে আটকা পড়েছে কি-না দেখতে চায় ।
কিন্তু বিদ্যালয়ের পিয়ন সরাসরি বলে বিদ্যালয় কেউ নেই এবং বিদ্যালয়ের চাবি দেওয়া যাবে না। অনেক বিতর্কের পর গ্রামবাসী এক পর্যায়ে বিদ্যালয়ের পিয়নের কাছ থেকে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন।
খোঁজা-খুঁজির এক পর্যায়ে গ্রামবাসী দেখতে পান মেয়েটি অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় তিন তলায় একটি রুমে পড়ে আছে। তখন তারা মেয়েটিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা।