
নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) মরিচা ইউনিয়নের মো. হাফেজ প্রামাণিকের (৭০) ছেলে।গুলিবিদ্ধ অন্যরা হলেন— সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী মেরিনা (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতকারীরা ব্রাশফায়ার ও শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারী-পুরুষসহ ১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পেছনে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। দৌলতপুর থানার কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।